আসামের রেল দুর্ঘটনা, আহত ৪
বুধবার সকালে আসামে রেল দুর্ঘটনা কে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। একটি ট্রেন লাইনচ্যুত হয়ে এ দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে।
দ্যা ফ্যাক্ট :- আসামে ভয়াবহ রেল দুর্ঘটনার ঘটনা ঘটল বুধবার সকালে। গুয়াহাটি সংলগ্ন কামরূপ মেট্রোপলিটন জেলার ডিগারু রেলস্টেশনের কাছে লাইনচ্যুত হলো কলকাতা–সাইরাং এক্সপ্রেস। দুর্ঘটনায় ট্রেনটির ইঞ্জিনসহ পাঁচটি যাত্রীবাহী কামরা লাইন থেকে ছিটকে যায়। এই ঘটনায় অন্তত চারজন যাত্রী সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের প্রাথমিক বিবৃতি অনুযায়ী, সকাল প্রায় ৬টা ৫৪ মিনিটে ট্রেনটি ডিগারু স্টেশনে প্রবেশ করার সময় অন্য একটি ট্রেনকে অগ্রাধিকার দিতে গিয়ে চালক ট্রেনের গতি নিয়ন্ত্রণ করতে পারেননি। এর জেরেই এই দুর্ঘটনা ঘটে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় রেল আধিকারিক ও উদ্ধারকারী দল। আহত চারজনকে সোনাপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। আটকে পড়া যাত্রীদের খাবার ও পানীয় জল সরবরাহ করা হয়। তাঁদের গন্তব্যে পৌঁছে দিতে বিকল্প ট্রেনের ব্যবস্থাও করা হয়েছে।
What's Your Reaction?