জনজাতি সম্প্রদায়ের খাদ্যাভ্যাস নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগ, বিজেপি বিধায়ক তফাজ্জল হোসেনকে শোকজ
সাত দিনের মধ্যে লিখিত জবাব তলব করল বিজেপির ত্রিপুরা প্রদেশ নেতৃত্ব, অন্যথায় শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত।
দ্যা ফ্যাক্ট,১২ নভেম্বর:- সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়লেন ত্রিপুরার বিজেপি বিধায়ক তফাজ্জল হোসেন। জনজাতি সম্প্রদায়ের মানুষের খাদ্যাভ্যাস ও দৈনন্দিন জীবনযাপন নিয়ে আপত্তিকর এবং অবমাননাকর মন্তব্য করার অভিযোগে তাঁকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ নেতৃত্ব।
জারি করা এই নোটিশে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও দলের প্রদেশ নেতৃত্বের নজরে এসেছে। সেখানে বিধায়কের বক্তব্য ও উপস্থাপনার ধরন জনজাতি সম্প্রদায়সহ বিভিন্ন অংশের মানুষের মধ্যে গভীর অসন্তোষ ও উত্তেজনার সৃষ্টি করেছে বলে অভিযোগ উঠেছে।
নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, ত্রিপুরার বৈচিত্র্যময় সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বজায় রাখা প্রত্যেক জনপ্রতিনিধির সম্মিলিত দায়িত্ব। একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে বিধায়কের এমন আচরণ তাঁর পদমর্যাদা ও দায়িত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মনে করছে দল।
এছাড়াও রাজ্যের বর্তমান ও প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম উল্লেখ করে বিভ্রান্তিকর প্রচার চালানোর অভিযোগও নোটিশে তুলে ধরা হয়েছে।
বিজেপির ত্রিপুরা প্রদেশ শৃঙ্খলা রক্ষা কমিটির আহ্বায়ক তপস ভট্টাচার্য স্বাক্ষরিত এই নোটিশে বিধায়ককে সাত দিনের মধ্যে তাঁর অবস্থান ও বক্তব্যের ব্যাখ্যা লিখিতভাবে প্রদেশ কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার উপযুক্ত কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় দলীয় বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে জানানো হয়েছে।
What's Your Reaction?